শ্যামলবাংলা ডেস্ক : দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্ত আরও তিন রোগী শনাক্ত হয়েছেন; এর মধ্য দিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ জনে। এই ভাইরাসে বুধবার প্রথম এক ব্যক্তির মৃত্যুর পর ১৯ মার্চ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এতথ্য জানানো হয়।
অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ। নারীর বয়স ২২ বছর, আর পুরুষদের একজনের বয়স ৬৫ অন্যজনের ৩২ বছর। তিনজন একই পরিবারের সদস্য। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, আক্রান্তরা ইতালিফেরত এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এই তিনজনই স্থানীয়ভাবে করোনায় আক্রান্ত হয়েছন। তাদের অন্য কোনও রোগ নেই। সবাই হাসপাতালে চিকিৎসাধীন।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা শনাক্ত হওয়ার খবর দেয় জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। আর বুধবার করোনায় প্রথম মৃত্যু হয়। সুস্থ হয়ে এখন পর্যন্ত হাসপাতাল ছেড়েছেন তিনজন।

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৯৫৫ জন; মৃত্যু হয়েছে ৮ হাজার ৭৪৯ জনের। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে করোনাভাইরাসের অস্তিত্ব প্রথম ধরা পড়ে। পরে তা চীনের অন্যান্য প্রদেশ এবং বিশ্বের নানা দেশে ছড়িয়ে পড়ে।




















