শ্যামলবাংলা ডেস্ক : করোনা ভাইরাস প্রতিরোধে পরিস্থিতি বুঝে কিছু এলাকা শাটডাউন ও প্রয়োজনে আন্তঃজেলা বাস যোগাযোগ বন্ধ করে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ১৮ মার্চ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনায় তিনি এসব আশঙ্কার কথা জানান।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘পরিস্থিতি বুঝে কিছু কিছু এলাকা শাটডাউন করে দেওয়া হতে পারে। এছাড়াও প্রয়োজনে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।’ তিনি বলেন, করোনা আমাদের জাতীয় শত্রু। তাই দলমত নির্বিশেষে সবাইকে মিলে এর মোকাবিলা করতে হবে। এজন্য সবার এগিয়ে আসা প্রয়োজন।
ওবায়দুল কাদের বলেন, সবার আগে মানুষকে বাঁচাতে হবে। সেজন্য যা যা করণীয় তাই করা হবে। আমেরিকার মতো শক্তিশালী দেশের বিভিন্ন এয়ারপোর্টে স্ক্রিনিংয়ের সময় বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। আমাদের তো অভিজ্ঞাতা নেই। তবুও ভুল থেকে শিক্ষা নিচ্ছি। সেতুমন্ত্রী বলেন, করোনাভাইরাস আমাদের জন্য নতুন অভিজ্ঞতা। এ ধরনের সমস্যা ফেস করার মতো অভিজ্ঞতা আমাদের আগে ছিল না। এটিকে কাজে লাগিয়ে আমরা করোনা মোকাবিলা করছি।




















