মইনুল হোসেন প্লাবন, শেরপুর : বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখায় কবি ও সংগঠক হিসেবে আন্তর্জাতিক গুণী সম্মাননা ও সংবর্ধনা পেয়েছেন শেরপুরের ২ কবি রফিক মজিদ ও জাহাঙ্গীর আলম। ১৩ মার্চ শুক্রবার রাতে ঢাকা বিশ্ব সাহিত্য কেন্দ্রের হলরুমে ওই সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করেন ভাষা সৈনিক রেজাউল করিম।

বাংলাদেশ সমকালীন কবি পরিষদ (বাসকপ)’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনার অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের প্রায় শতাধিক গুনি কবি-সাহিত্যিককে সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান রাখায় উত্তোরিও, কোর্ট পিন, সম্মাননা ক্রেষ্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়।
বাসকপ এর সভাপতি এসকে ফাতিমা হোসাইন সুমি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম মহাসচিব অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারী। এ ছাড়া স্থানীয় সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শিরিন আহম্মেদ, সাহিত্যিক মাহমুদুল হাসান নিজামী, ড. নুরুর হুদা আল মামুন, মুক্তিযোদ্ধা মীর মোহাম্মদ, সামছুল হক বাবুসহ দেশের বিভিন্ন স্থান হতে কবি-সাহিত্যিক ও ভারতের বাচীক শিল্পী শিপ্রা সাধক, অর্পিতা মৈত্রী, তৃণা মিত্র, শুকুর আলী মল্লিকসহ অনেক গুণী কবি-সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লেখালেখির সুবাদে কবি পরিচিতির পাশাপাশি তার অন্য আরেকটা পরিচয় হলো রফিক মজিদ শেরপুরের একজন সিনিয়র সাংবাদিক।তিনি জাতীয় দৈনিক যায় যায় দিন ও টেলিভিশন চ্যানেল ‘দেশ টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। এ ছাড়া তিনি সাহিত্য সংগঠন ‘গাঙচিল’র শেরপুর জেলা শাখার সভাপতি ।









