শ্রীবরদী (শেরপুর প্রতিনিধি) ॥ শেরপুরের শ্রীবরদীতে উপজেলা সমাজসেবা অধিদফতরের নিরাপত্তা কার্যক্রমের আওতায় বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ভাতাভোগিদের উন্মুক্ত বাছাই শুরু হয়েছে। ১৭ ফেব্রুয়ারী সোমবার সকালে উপজেলার সিংগাবরনা ইউনিয়ন পরিষদ মাঠে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা আক্তার। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সরকার নাছিমা আক্তার। তিনি বলেন, এই ইউনিয়নে বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্দ্বী ভাতা ভোগিদের বাছাই করে ৯১ জনকে তালিকাভুক্ত করা হবে। পরে পর্যায় ক্রমে অন্যদেরকেও নেয়া হবে। সিংগাবরনা ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান জুয়েল আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম জলি। সভায় অন্যান্যের মধ্যে ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি লিপন মিয়া, ইউপি সদস্য, সদস্যা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি ও ওই ইউনিয়নের বয়স্ক, বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধীসহ ২ শতাধিক লোক উপস্থিত ছিলেন।









