স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ঢাকাস্থ কানাডা হাইকমিশনের সহায়তায় নিউজ নেটওয়ার্ক আয়োজিত ‘ধর্মীয় সহিষ্ণুতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শহরের বঙ্গবন্ধু স্কয়ার এলাকার একটি হোটেলে ওই কর্মশালার সমাপনী দিনে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবিএম এহছানুল মামুন।

এ উপলক্ষে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের কর্মসূচি বিশেষজ্ঞ রেজাউল করিম, সিনিয়র সাংবাদিক জিয়াউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, ইমরান হাসান রাব্বি, নাওয়ার সালসাবিল দুর্দানা প্রমুখ।
প্রশিক্ষণ কর্মশালায় ধর্মীয় স্বাধীনতা ও শান্তি রক্ষায় একজন সাংবাদিকের দায়িত্বশীল ভূমিকার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। কর্মশালায় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২৫ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন।









