স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পুলিশ সপ্তাহ উপলক্ষে আইজিপি ব্যাচ পাচ্ছেন শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ও নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান। ৭ জানুয়ারি মঙ্গলবার রাজধানী ঢাকায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আনুষ্ঠানিকভাবে তাদের ওই ব্যাচ পরিয়ে দেবেন। শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, শ্রীবরদী থানায় যোগদানের পর থেকেই এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ জুয়া ও মাদক নিয়ন্ত্রণ, পলাতক আসামী গ্রেফতার, ডাকাতি ও হত্যাসহ বেশ কিছু আলোচিত ঘটনার মামলার রহস্য উদঘাটনের পাশাপাশি ওইসব মামলার আসামিদের দ্রুত গ্রেফতারে বিশেষ ভূমিকা রাখায় ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে আইজিপি ব্যাচের জন্য মনোনীত করা হয়েছে। এর আগে তিনি রেঞ্জের সেরা ওসি নির্বাচিত হয়েছিলেন।
এছাড়া সদর থানায় কর্মরত থাকাকালীন পলাতক আসামীদের গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদঘাটন, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযানসহ গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখায় এসআই মোস্তাফিজুর রহমানকে আইজিপি ব্যাচের জন্য মনোনীত করা হয়েছে। এর আগে তিনি রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছিলেন।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার এক প্রতিক্রিয়ায় শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, কাজের মূল্যায়ন বা স্বীকৃতি সবার জন্যই আনন্দদায়ক। এর আগে ময়মনসিংহ রেঞ্জের মূল্যায়নে যে উৎসাহ পেয়েছিলাম, এবার আইজিপি ব্যাচের জন্য মনোনীত হয়ে কাজের ক্ষেত্রে সে উৎসাহ নিঃসন্দেহে আরও কয়েকগুণ বেড়ে যাবে। এজন্য তিনি শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জাহাঙ্গীর আলমসহ অধীনস্ত সহকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসআই মোস্তাফিজুর রহমানও অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করার পাশাপাশি শেরপুরের পুলিশ সুপারসহ জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।









