শ্যামলবাংলা ডেস্ক : দেশের সীমান্ত এলাকায় মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ২৯ ডিসেম্বর রবিবার রাতে বিটিআরসি নির্দেশনায় বলা হয়, সীমান্তে এক কিলোমিটারের মধ্যে মোবাইলফোনের নেটওয়ার্ক বন্ধ রাখার। যা ইতোমধ্যেই কার্যকর করেছে মোবাইলফোন অপারেটরগুলো। দেশের স্বার্থে সরকারের উচ্চপর্যায়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে সীমান্তে নেটওয়ার্ক বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান, বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) জাকির হোসেন খান।

নাম প্রকাশ না করার শর্তে মোবাইলফোন অপারেটরের পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় প্রায় দুই হাজার মোবাইলফোনের টাওয়ার রয়েছে। নির্দেশনা পাওয়ার পরপরই তা বন্ধের কার্যকরের উদ্যোগ নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের ফলে সীমান্ত এলাকার প্রায় এক কোটি গ্রাহক মোবাইলফোন ব্যবহারে সমস্যায় পড়তে পারেন।
বাংলাদেশ-ভারত সীমান্ত থেকে ১ কিলোমিটারের মধ্যে নেটওয়ার্ক কভারেজ ২৯ ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য বলা হয় বিটিআরসির নির্দেশনায়। দেশের সীমান্ত এলাকার দৈর্ঘ্য প্রায় ৪ হাজার ১০০ কিলোমিটার। যার মধ্যে রয়েছে ৩২টি জেলা।




















