শ্যামলবাংলা ডেস্ক : মঞ্চ প্রস্তুত। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই পর্দা উঠবে বঙ্গবন্ধু বিপিএলের। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে-পরে নাচে-গানে মঞ্চ মাতাবেন বাংলাদেশ ও ভারতের তারকারা।


বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ২ বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। থাকছেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী কৈলাস খের ও সনু নিগমও। ভারতীয় তারকাদের পাশাপাশি মঞ্চে পারফর্ম করবেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ ও নগরবাউলের জেমসসহ আরও অনেকে।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। ৫ ঘন্টার অনুষ্ঠান শেষ হবে রাত সাড়ে ১০টায়। সন্ধ্যা ৭টার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠে প্রবেশ করবেন। সাড়ে ৭টায় তিনি আনুষ্ঠানিকভাবে বিপিএলের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর জন্য প্রেসিডেন্ট বক্সের নিচে আলাদা করে তৈরি করা হয়েছে বিশেষ ব্যালকনি।
উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি দেখানো হবে ৩টি চ্যানেলে। গাজী টিভি ও মাছরাঙার পাশাপাশি দেখানো হবে নিউজ২৪ চ্যানেলে। এছাড়া ঢাকা শহরের বেশ কয়েকটি পয়েন্টসহ দেশের ৭টি বিভাগে বড় পর্দায় দেখানো হবে অনুষ্ঠান।
আগামী বছর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীকে সামনে রেখে এবার এই বিশেষ বিপিএল আয়োজন করা হচ্ছে। বিসিবির পূর্ণ তত্ত্বাবধানে আয়োজিত বিপিএলে ৭টি দলই বোর্ডের মালিকানাধীন। তবে টিম স্পন্সর হিসেবে ৫টি দলের সঙ্গে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠান যুক্ত হয়েছে।
আজ উদ্বোধনী অনুষ্ঠান হলেও মাঠের লড়াই শুরু হবে আগামী ১১ ডিসেম্বর বুধবার থেকে। মিরপুরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এবারের ‘বঙ্গবন্ধু বিপিএল’।





















