ads

সোমবার , ১৪ অক্টোবর ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন ॥ চলছে ফলাফল প্রস্তুতির কাজ

খবর টি পড়েছেন : ১৬০
শেরপুর সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন ॥ চলছে ফলাফল প্রস্তুতির কাজ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্টাফ রিপোর্টার ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ১৪ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ওই ভোটগ্রহণ চলে। এখন চলছে ফলাফল প্রস্তুতির কাজ। এ উপজেলায় প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ হওয়ায় নানা বিভ্রান্তির পরও ভোট পড়েছে ৩০ থেকে ৫৫ শতাংশ। যার গড় হতে পারে ৪২ শতাংশ।
এদিকে ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১৪০টি কেন্দ্রের মধ্যে পাকুড়িয়া ইউনিয়নের খামারপাড়া কেন্দ্রসহ ২/৩টি কেন্দ্রে বিচ্ছিন্ন ছোটখাটো কিছু ঘটনা ছাড়া কোথাও বড় ধরনের কোন গোলযোগ হয়নি। নির্বাচনী নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রায় ৩ হাজার সদস্য মোতায়েন ছিল। ইভিএমের কারিগরি সহায়তায় কেন্দ্রে কেন্দ্রে ছিল সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্য। এছাড়া নির্বাচনের মাঠে ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের পৃথক পৃথক টিম ছাড়াও জেলা প্রশাসক আনার কলি মাহবুব ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমসহ উভয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ছিলেন মাঠ তদারকিতে।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত জেলা জাতীয় পার্টির সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ইলিয়াস উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক জিএস মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল) ও পদত্যাগী ভাইস-চেয়ারম্যান, সাবেক ভিপি বায়েযীদ হাসান (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।
পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল (টিউবওয়েল), সাবেক ভিপি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম (চশমা), চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মোহাম্মদ মোছা মিঞা (মাইক), শ্রমিক নেতা জুলহাস উদ্দিন (উড়োজাহাজ) ও আশরাফুল আলম মিজান (তালা) প্রতীক নিয়ে লড়েছেন। এছাড়া মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বিদায়ী ভাইস-চেয়ারম্যান, মহিলা আওয়ামী লীগ নেত্রী শামীম আরা বেগম (হাঁস) ও শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবিহা জামান শাপলা (কলস) প্রতীকে লড়েছেন।
উল্লেখ্য, এ উপজেলার ১৪ ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ২৮২ জন। তন্মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬৭৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ৬০৫ জন। মোট ১৪০ ভোটকেন্দ্রের ভোটকক্ষ সংখ্যা ৯৫৩ টি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সদর উপজেলা নির্বাচনে শান্তিপূর্ণভাবে ইভিএমে ভোটগ্রহণ শুরু পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ৪র্থ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ ॥ ঘটনা ধামাচাপা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads