ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের ঝিনাইগাতীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টার অভিযোগে হানিফ উদ্দিন (৫০) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। হানিফ উদ্দিন উপজেলার হাতিবান্ধা ইউনিয়নের কবিরাজপাড়া গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য। রবিবার তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে একই দিন বিকেলে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওইসময় পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ৯ অক্টোবর বুধবার কবিরাজপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আবু সাইদের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ৯ টার দিকে ওই গ্রামের জমসেদ আলীর ছেলে খবির (২০) মকবুল হোসেনের ছেলে নুরুজ্জামান (২০) জয়নাল আবেদীনের ছেলে শান্ত (১৮) ইসমাইল হোসেনের ছেলে জিহাদ (১৮) ওই বিয়ের অনুষ্ঠান থেকে পার্শ্ববতী ঘাগড়া পুটলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী (১২) কে তুলে নিয়ে গণধর্ষণ চালায়। পিতৃহীন ওই ছাত্রীর মাতা বিদেশে থাকায় চাচার আশ্রয়ে রয়েছে ওই ধর্ষিতা স্কুলছাত্রী। ঘটনার পরদিন ধর্ষকদের পরিবারের লোকজন ধর্ষিতাকে আটকে রেখে ইউপি সদস্য হানিফ উদ্দিনসহ গ্রামের অন্যান্য লোকজন ঘটনাটি ধামাচাপা দেয়া ও ধর্ষণের আলামত নষ্টের চেষ্টায় লিপ্ত হন। খবর পেয়ে রবিবার দুপুরে থানা পুলিশ ইউপি সদস্য হানিফ উদ্দিনকে গ্রেফতার করে। ওই ঘটনায় ধর্ষিতা স্কুলছাত্রীর চাচা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে।









