শেরপুরে সাংবাদিকদের সাথে বার্ড ক্লাব নেতাদের মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার ॥ ‘অরণ্যই মুক্তি, মুক্ত ডানার’ এ শ্লোগানকে ধারণ করে পাখি রক্ষা, লালন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় করণীয় বিষয়ে শেরপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বার্ড ক্লাবের নেতারা। ২ আগস্ট শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ওই মতবিনিময় সভায় কেন্দ্রীয় বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা বিশিষ্ট পক্ষীবিশারদ ইনাম আল হক প্রধান অতিথি ও বার্ড ক্লাবের সাধারণ সম্পাদক কাজী আহমেদ হুসাইন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ওইসময় তারা বলেন, পরিবেশ রক্ষায় পাখির অবদান অনস্বীকার্য। পাখির প্রাকৃতিক সৌন্দর্যেরও এক অন্যতম অনুসঙ্গ। কিন্তু দেশে নির্বিচারে পাখি নিধন হওয়ায় আমাদের পরিবেশ থেকে ইতোমধ্যে অনেক পাখি বিলুপ্ত হয়ে গেছে। এজন্য তারা পাখিবান্ধব পরিবেশ সৃষ্টি এবং পাখি নিধন বন্ধে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগে প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।
শেরপুর বার্ড ক্লাবের সভাপতি সুজয় মালাকারের সভাপতিত্বে ওই সভায় সংগঠনের সাধারণ সম্পাদক ফকির শহীদুজ্জামান তাদের কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন। সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক দেবদাস চন্দ বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সহ-সভাপতি এসএম শহীদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার, মুহাম্মদ আখতারুজ্জামান, দেবাশীষ সাহা রায়, সঞ্জীব চন্দ বিল্টু, হাকিম বাবুল, আদিল মাহমুদ উজ্জল, আছাদুজ্জামান মোরাদ, মোহাম্মদ জুবায়ের রহমান, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে একই স্থানে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় পরিবেশ রক্ষায় পাখির ভূমিকা, নির্বিচারে পাখি শিকার বন্ধে করণীয়, পাখির পরিবার নির্ধারণ, পরিচিতি, পাখির বৈশিষ্ট্য, এনাটমি, বিলুপ্তপ্রায় পাখি রক্ষা ও অনুসন্ধান এবং পাখির চিত্রধারণ সম্পর্কে সম্যক ধারণা তুলে ধরা হয়। এতে স্থানীয় বার্ড ক্লাবের কর্মকর্তা-সদস্যসহ পাখিপ্রেমীরা অংশ নেন।









