শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে বুদ্ধি প্রতিবন্ধী এক বিধবা নারীকে (৪৫) ধর্ষণের অভিযোগে ফজলুর রহমান ওরফে ফটকে (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের দক্ষিণ তাতিহাটি মহল্লায় ওই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ফটকে ওই মহল্লার মৃত নেওয়াজ উদ্দিনের ছেলে। ওই ঘটনায় প্রতিবন্ধী বিধবার ছেলে বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছে। শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত যুবককে আদালদেত এবং ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকেলে ফজলুর রহমান ফটকে প্রতিবন্ধী ওই বিধবাকে ফুসলিয়ে বাড়ির পার্শ্ববর্তী এইচ.আর মডেল স্কুলের সিঁড়ির নিচে নিয়ে ধর্ষণ করে। ওইসময় ভিকটিমের ছেলে ঘটনাটি দেখে ফেলে। পরে কৌশলে ফটকে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ নিয়ে স্থানীয়রা আপোষ-মিমাংসার চেষ্টা করে। কিন্তু এতে ভিকটিমের ছেলে সম্মত না হয়ে শ্রীবরদী থানায় ২ জনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতেই ওই মামলার প্রধান আসামী ফটকেকে আটক করে।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী ফটকেকে গ্রেফতার করা হয়েছে।









