ads

বুধবার , ৩১ জুলাই ২০১৯ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্যামলবাংলা২৪ডটকম নিষ্ঠা ও বৈশিষ্ট্যে অনন্য ॥ ড. আবদুল আলীম তালুকদার

খবর টি পড়েছেন : ২৬২
শ্যামলবাংলা২৪ডটকম নিষ্ঠা ও বৈশিষ্ট্যে অনন্য ॥ ড. আবদুল আলীম তালুকদার
পড়ার সময়: ৬ মিনিট
ফন্ট:

‘মা-মাটি ও মানুষের কথা বলে’ স্লোগানকে সামনে রেখে মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শেরপুরের অন্যতম প্রধান অনলাইন নিউজপোর্টাল ‘শ্যামলবাংলা২৪ডটকম’ এর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। শেরপুরের মতো দেশের একটি প্রান্তিক ও পশ্চাদপদ জেলা থেকে এমন সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ, আপোষহীন, সাবলীল সংবাদ পরিবেশন সত্যিই একটি দুরূহ কাজ; এ গুরু দায়িত্বটি দীর্ঘ প্রায় ৬ বছর যাবত শ্যামলবাংলা২৪ডটকম অত্যন্ত সততার সাথে পালন করে আসছে, যা অবশ্য অবশ্যই প্রশংসার দাবী রাখে।
ইতিহাস পর্যালোচনায় জানা যায়, ১৯৭৪ খ্রি. ব্রুস পারেলউ’র সম্পাদনায় যুক্তরাষ্ট্রের ইলিনয়েস স্টেট বিশ্ববিদ্যালয়ে ‘নিউজ রিপোর্ট’ নামে প্রথম অনলাইন নিউজপোর্টাল প্রকাশিত হয়। ১৯৮৭ সালে শুরু হওয়া সরকারি মালিকানাধিন ব্রাজিলীয় সংবাদপত্র ‘জর্নালদোদিআ্য’ নব্বইয়ের দশকের দিকে অনলাইন সংস্করণের সূচনা করে। তবে যুক্তরাষ্ট্রে শতাধিক সংবাদপত্র অনলাইনে প্রকাশনা শুরু করে ১৯৯০ সালের শেষ দিকে। তবে ২০০০ সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ‘সাউথ রিপোর্টার’ আধুনিক অনলাইন নিউজপোর্টাল হিসেবে পরিচিতি পায়। বিভিন্ন নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের উপর ভিত্তি করে জানা যায় যে, বাংলাদেশে অনলাইন সাংবাদিকতার শুরু ২০০৫ সালের দিকে। ইন্টারনেটের সহজলভ্যতা না থাকায় ২০১০ সাল পর্যন্ত এ মাধ্যমের পাঠক ছিল নিতান্তই নগণ্য। এরপর মানুষের হাতের নাগালে ইন্টারনেট চলে আসলে ক্রমেই বাড়তে থাকে অনলাইন সংবাদপত্রের পাঠক। এরই ধারাবাহিকতায় শ্যামলবাংলা২৪ডটকম ২০১৩ খ্রি. ৩১ জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠাকাল থেকে এ যাবত পর্যন্ত অত্যন্ত সততা, দক্ষতা ও নিষ্ঠার সাথে সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বিশিষ্ট কবি, সাংবাদিক, আইনজ্ঞ ও রাজনীতিক জনাব রফিকুল ইসলাম আধার এবং প্রতিষ্ঠাকালীন নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন কবি ও সাংবাদিক শাহ্ আলম বাবুল। তাঁর মৃত্যুর পর থেকে মোহাম্মদ জুবায়ের রহমান নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
শ্যামলবাংলা২৪ডটকম-এর সাথে আমার প্রথম পরিচয় ২০১৫ সালের মাঝামাঝি সময়ে। শেরপুর শহরের বটতলা এলাকায় অবস্থিত শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও শেরপুর জেলা বারের সাবেক সভাপতি বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, রাজনীতিক আমার অত্যন্ত প্রিয় মানুষ এডভোকেট রফিকুল ইসলাম আধার ভাইয়ের অফিসে। সেটা অবশ্য শ্যামলবাংলা২৪ডটকম এরও অফিস। ২০১৫ সালের সম্ভবত মে মাসের শেষ সপ্তাহের কোনো এক দিন ছিল পহেলা বৈশাখ; সেই পহেলা বৈশাখে কবি সংঘ বাংলাদেশ আয়োজিত নববর্ষ বরণ অনুষ্ঠানে আমরা প্রথম একত্রিত হই। সে অনুষ্ঠানে বিশিষ্ট কবি, সাংবাদিক ও কলামিস্ট জনাব তালাত মাহমুদ সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের তৎকালীন অধ্যক্ষ, বর্তমানে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও লেখক প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, সাংবাদিক ও রাজনীতিক এডভোকেট রফিকুল ইসলাম আধার। সেদিন থেকেই শ্যামলবাংলা২৪ডটকম এর সাথে পথ চলা এবং এখনও চলছি।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের গ্রামের কতিপয় উৎসাহী তরুণের উদ্যোগে প্রকাশিত একটি দেয়াল পত্রিকার জন্য কবিতা লিখার মাধ্যমে আমার সাহিত্য জগতে হাতেখড়ি; যখন আমার বয়স ১৩ বছর। তারপর মাঝখানে অনেকদিন বিরতি। তারপর ১৯৯৬ সালে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স ১ম বর্ষে ভর্তি হই তখন থেকে আবার পুরোদ্যমে কবিতা চর্চা শুরু করি। আমি মূলত: ছড়া ও কবিতা চর্চাতেই বেশি স্বাচ্ছন্দবোধ করতাম। কিন্তু ২০১৫ সালে শ্যামলবাংলা২৪ডটকম এর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বর্ষবরণ অনুষ্ঠানে প্রফেসর ড. একেএম রিয়াজুল হাসান স্যার, এডভোকেট রফিকুল ইসলাম আধার ভাই ও কবি তালাত মাহমুদ ভাই এর বিশেষ পরামর্শ ও অনুপ্রেরণায় আমি গদ্য সাহিত্য রচনার দিকে মনোনিবেশ করি। যদিও আমি ইতোপূর্বে গদ্য সাহিত্য (প্রবন্ধ, নিবন্ধ, ছোট গল্প, ইসলামি কলাম, ভ্রমণ কাহিনী) রচনার প্রতি মোটেও উৎসাহী ছিলাম না। আমার গদ্য রচনার দিকে মনোনিবেশের পুরো কৃতিত্বই এই তিনজন বিশিষ্ট ব্যক্তিত্ব ও শ্যামলবাংলা২৪ডটকম এর। আমি চিরকৃতজ্ঞ থাকবো তাঁদের প্রতি। আর বিভিন্ন সময় আমার লেখা প্রকাশ করে সহযোগিতা করার জন্য সাপ্তাহিক দশকাহনীয়া ও তার কর্মকুশীলবদের ধন্যবাদ জানাই। বিশেষ করে জনাব মোহাম্মদ জুবায়ের রহমান ও মোঃ জোবাইদুল ইসলাম এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা রইলো। আর শ্যামলবাংলা২৪ডটকম এর সামনের পথচলা মসৃন হোক এই প্রত্যাশা নিরন্তর।
আধুনিক ডিজিটাল তথা তথ্যপ্রযুক্তির এ যুগে অনলাইন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার পাশাপাশি অনলাইন এখন জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হয়েছে এবং এর পাঠক প্রিয়তাও শীর্ষে চলে যাচ্ছে। তথ্য প্রবাহ ও পরিবেশনে অনলাইন এখন শীর্ষে অবস্থান করছে। যে কোনো সংবাদই অনলাইন ভার্সনের ফলে হাতের মুঠোর স্মার্ট মোবাইল ফোনের মাধ্যমে পাঠক যে কোনো মুহূর্তে ঘটে যাওয়া সংবাদ জানতে পারছে। সংবাদ পরিবেশন ছাড়াও বর্তমানে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ভর্তি, চাকুরীর বিজ্ঞপ্তি, ব্যাংকিং লেনদেন, কেনাকাটা, সরকারি বিভিন্ন পরিপত্র প্রভৃতি এখন অনলাইন সংবাদ মাধ্যম ব্যতীত ভাবাই যায় না।
শিক্ষিত, মার্জিত, সৃজনশীল, ভাষাজ্ঞান, স্পষ্টভাষী তথা মৃদুভাষী, তথ্য প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে একজন গণমাধ্যম কর্মীকে নি:সন্দেহে হতে হবে দক্ষ ও অভিজ্ঞ। বিশেষ করে শব্দচয়ন, বাক্যচয়ন, বিরাম চিহ্নের ব্যবহার, ষত্ব ও ণত্ব বিধানে পরিশুদ্ধ ধারণা, সাধু ও চলিত রীতি, বাংলা ভাষার আধুনিক প্রমিত বানান রীতিতেও থাকতে হবে পা-িত্বপূর্ণ জ্ঞান। বিভ্রান্ত ছড়ানোর মতো সংবাদ পরিবেশনে অনলাইন সংবাদ কর্মীকে অবশ্যই শতভাগ সচেতনতা অবলম্বন করতে হবে। তাই অনলাইন গণমাধ্যম কর্মীকে হতে হবে সবচাইতে চৌকষ ও মেধা সম্পন্ন একজন ব্যক্তিত্ববান সংবাদকর্মী। আমরা এও জানি যে, তথ্য পরিবেশনের ক্ষেত্রে অনলাইন গণমাধ্যম কর্মীকে সর্বাধিক গুরুত্বারোপ করে বস্তুনিষ্ঠার সকল প্রকার নীতিমালার ভিতরে থেকেই তাকে সংবাদ পরিবেশনে দায়িত্ব পালন করতে হয়; এজন্য তাদের অনেক বিপদসঙ্কুল পরিবেশে কাজ করতে হয়। এক্ষেত্রে তাদের অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার পরিচয় দিতে হয়; এই চ্যালেঞ্জ গ্রহণটা সাংবাদিকতা পেশার একটি ভূষণ।
গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে যথাযথভাবে বাস্তবায়ন করতে দেশের শিক্ষা কাঠামোসহ সকল বিভাগকে সম্পূর্ণভাবে ডিজিটালের আওতায় আনতে হলে এবং তথ্য প্রযুক্তি তথা আইসিটিনির্ভর প্রশাসন ব্যবস্থা, ব্যবসায় বাণিজ্য, শিক্ষাব্যবস্থা, চিকিৎসাব্যবস্থা, কৃষি ব্যবস্থাপনা ইত্যাদি বিভাগ সঠিকভাবে পরিচালিত করতে হলে তথ্যের আদান-প্রদানকে সহজতর ও জবাবদিহিতা নিশ্চিতকরণের কোনো বিকল্প নেই। আর এ ক্ষেত্রে অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। জনগণের নিকট দ্রুত ও সহজ উপায়ে তথ্য পৌঁছানোর ক্ষেত্রে অনলাইন গণমাধ্যমই সর্বোত্তম উপায়। অনেক সময় সঠিক সংবাদ দ্রুত সরবরাহে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় অনলাইন গণমাধ্যম তথা অনলাইন নিউজ পোর্টালে কর্মরত সাংবাদিকদের। গণমাধ্যম যেহেতু রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, তাই সঙ্গত কারণেই এ সমস্যা নিরসনকল্পে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এগিয়ে আসতে হবে। অনলাইন গণমাধ্যমকে তথ্য প্রকাশের অবাধ স্বাধীনতা প্রদান, তাদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান এবং প্রয়োজনে তথ্যনির্ভর সংবাদ ও সৃজনশীলতার জন্য পুরস্কারের ব্যবস্থা করলে এ সংশ্লিষ্ট কাজে সাংবাদিকগণ অনুপ্রাণিত ও উৎসাহিত হবেন বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
লেখক: কবি, প্রাবন্ধিক ও বিসিএস (সা. শি) ক্যাডার কর্মকর্তা। E-mail: dr. alim1978@gmail.com

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে নাগরিক কন্ঠ ও কাজ’র ইন্টারফেজ মিটিং অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্যামলবাংলা২৪ডটকম; আত্মীয়র আত্মার বন্ধনে এক গণমাধ্যম ॥ শিবশঙ্কর…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads