স্টাফ রিপোর্টার ॥ শেরপুরের গুজব, বন্যায় নিরাপত্তা, ইভটিজিং, জঙ্গীবিরোধী, মাদক ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ে জেলা পুলিশের উদ্যোগে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চলছে। কার্যক্রমের মধ্যে রয়েছে জনসচেতনতামূলক মাইকিং, সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসাধারণের মাঝে লিফলেট প্রচারণাসহ শিক্ষার্থীদের নিয়ে সেমিনার।
২৪ জুলাই বুধবার পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র নির্দেশনায় ওইসব সচেতনতামূলক কার্যক্রমের আওতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সেমিনার ও তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। বুধবার সকালে শহরের সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন। ওইসময় তিনি বলেন, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা বা গলাকাটা সন্দেহে কাউকে গণপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নেবেন না। কাউকে সন্দেহ হলে গণপিটুনি না দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দিন। আসুন আমরা সকলে সচেতন হই, গুজব ছড়ানো এবং গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি। ছেলে ধরা বিষয়টি সম্পুর্ণ গুজব। গুজব রটনাকারিদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ গোয়েন্দা দল অনুসন্ধান তৎপরতা শুরু করেছে। কাউকে সন্দেহ হলে প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ রেজুয়ান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। পরে তিনি নবারুণ পাবলিক স্কুলে পৃথক সমাবেশে বক্তব্য রাখেন। ওইসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন। এছাড়া একইদিন দুপুরে আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলে আয়োজিত সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, উপাধ্যক্ষ নাসরিন রহমানসহ কয়েকজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।
এদিকে বুধবার দিনব্যাপী শ্রীবরদী থানা পুলিশের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে মতবিনিময় করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার। একইভাবে ঝিনাইগাতীতে গুজব ঠেকাতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল কাদের।
ছেলেধরা বিষয়ে ভয়ঙ্কর গুজব ও বন্যায় মানুষের নিরাপত্তা বিষয়ে জেলা পুলিশের জনসচেতনতামূলক কার্যক্রম প্রসঙ্গে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বুধবার রাতে শ্যামলবাংলা২৪ডটকমকে বলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম’র নির্দেশনায় জেলার ৫টি উপজেলাতেই ওই সচেতনতামূলক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার ভীমগঞ্জ আতিউর রহমান মডেল কলেজে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সুধীমহলের উদ্দেশ্যে ওই সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। এছাড়া একই দিন সদরসহ ৫টি উপজেলার প্রায় ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে সেমিনারসহ প্রায় ২০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ওই সচেতনতামূলক প্রচারণা ছড়িয়ে দেওয়া হবে।









