শ্যামলবাংলা ডেস্ক: জনকল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়ে জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণের হৃদয় জয় করতে হবে। ২৭ মে সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটু ও কামউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে ওই কথা বলেন প্রধানমন্ত্রী।

জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, একবার ভোটে জিতে যাচ্ছেন। এবারই শেষ না। জনগণের হৃদয় জয় করতে হবে। যেন জনগণ ভবিষ্যতেও আপনাদের প্রতি আস্থা-বিশ্বাস রাখে। সেদিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন সেটাই আমরা চাই।
সরকারি অর্থের সঠিক ব্যবহারের নির্দেশনা দিয়ে তিনি বলেন, বিপুল পরিমাণ যে অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে, সেটা জনগণেরই অর্থ। সেটা যেন জনগণের কাছে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য আমরা যে সমস্ত কর্মসূচি নিয়েছি সেগুলো যেন যথাযথভাবে বাস্তবায়ন হয় আপনারা সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। কারন আপনারা জনগণের প্রতিনিধি।
দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করতে জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, আপনাদের ওপর বিরাট দায়িত্ব। এটা মনে রাখতে হবে যে জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের জন্য… শুধু যারা আপনাকে ভোট দিয়ে শুধু তারা না। আপনি যখন জনপ্রতিনিধি তখন আপনি এলাকার সব মানুষেরই প্রতিনিধি।
‘হ্যাঁ, আমি আওয়ামী লীগের সভানেত্রী। আমি আওয়ামী লীগ করি। কিন্তু আমি যখন প্রধানমন্ত্রী তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। দলমত নির্বিশেষে সবার কল্যাণ করাই আমার দায়িত্ব। আপনারাও নিজেকে সেইভাবে মনে করবেন,’ যোগ করেন বঙ্গবন্ধুকন্যা।
জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞ, মানুষ আমাকে ভোট দিয়ে তাদের সেবা করার সুযোগ দিয়েছে।
আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, পঁচাত্তরের পর যখন আওয়ামী লীগ সরকার গঠন করে, বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করে সরকার জনগণের সেবক, জনগণের কল্যাণে কাজ করে।
আওয়ামী লীগ সরকারের সফলতার কথা তুলে ধরে তিনি বলেন, ’৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যার মধ্যে দিয়ে যে বাংলাদেশ ঘাতকের দেশে পরিণত হয়েছিল সেই বাংলাদেশে আবার যখন জাতির পিতার হাতে গড়া আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে বাংলাদেশ বিশ্বে উন্নয়নের দেশ, মর্যাদাশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের উন্নয়নের গতিধারা আমরা অব্যাহত রেখেছি।
আওয়ামী লীগ সভাপতি বলেন, ব্যাপক বাজেট দিয়েছি এবং উন্নয়নের কাজ। বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে এবং তা বাস্তবায়ন করে যাচ্ছি। কাজেই আপনাদের নিজ নিজ এলাকায় সে উন্নয়নের কাজটা যেন যথাযথভাবে হয় এবং সে কাজের মধ্য দিয়ে মানুষ যেন খুশি হয় সেদিকেই আপনাদের কিন্তু দৃষ্টি দিতে হবে।
তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি মানুষও গৃহহারা থাকবে না, কোনও মানুষ ভূমিহীন থাকবে না। প্রতিটি মানুষ চিকিৎসা সেবা পাবে।
অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়র ইকরামুল হক টিটুকে শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১১ নারীসহ ৪৪ জন কাউন্সিলরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।
উর্লেখ্য, গেল বছরের অক্টোবরে ১২তম সিটি করপোরেশন হিসেবে ময়মনসিংহ সিটি করপোরেশন গঠিত হয়। নতুন ওই সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয় গত ৫ মে।
শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সংসদে বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এমএস গোলাম ফারুক।



















