শ্যামলবাংলা ডেস্ক : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিভীষিকাময় অংশটুকুর নাম ছিল নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর। দূরত্ব ৩০ কিলোমিটারের মতো। অথচ তীব্র যানজটের কারণে এই পথ কতক্ষণে পাড়ি দিতে পারবেন, তা নিয়ে চিন্তায় থাকতেন যাত্রীরা। এসবই এখন অতীত। কারণ, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর কল্যাণে এই পথ এখন পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ৩০ মিনিটে! এছাড়া দ্বিতীয় কাঁচপুর সেতুও এই ক্ষেত্রে সহায়ক ভুমিকা রাখছে।নতুন দুই সেতুতে উবে গেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট। আগে যেখানে ওই সড়কে চলাচলকারী যাত্রীদের নিত্যসাথী ছিলো যানজট, সেখানে এখন স্বস্তিতেই গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।
সংশ্লিষ্টরা বলছেন, ২৫ মে শনিবার সেতুগুলো উদ্বোধনের পর থেকে যানজটমুক্ত রয়েছে বাংলাদেশের অর্থনীতির ‘লাইফ-লাইন’ খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। পৌনে ২ থেকে দুই ঘণ্টার মধ্যেই কুমিল্লা থেকে ঢাকা আসা-যাওয়া করছে যানবাহনগুলো। যাত্রার সময় কমে গেছে ঢাকা-চট্টগ্রামে আসা-যাওয়ার ক্ষেত্রেও।
শনিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দ্বিতীয় মেঘনা ও কুমিল্লার দাউদকান্দিতে দ্বিতীয় মেঘনা-গোমতী সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বলা হচ্ছে-এই দুই সেতু দেশের ওই অঞ্চলের মানুষের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহার। এই উপহারে বেশ স্বস্তিতেই হচ্ছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।






















