জাহাঙ্গীর হোসেন আহমেদ, নকলা (শেরপুর) ॥ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় শেরপুরের নকলা উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ। ১৯ মে রবিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে রাতে দলের উপ-দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। এদিকে উপজেলা নির্বাচনে দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ মনোনয়ন পাওয়ায় দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়েছে। তাদের মাঝে সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
দলীয় মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে শফিকুল ইসলাম জিন্নাহ প্রথমেই দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেইসাথে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, প্রথমত তিনি নকলায় সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপির উন্নয়নের ধারাবাহিকতাকে আরও এগিয়ে নিতে চান এবং নকলাবাসীকে মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে মুক্ত নকলা উপজেলা উপহার দিতে চান।
জানা যায়, শফিকুল ইসলাম জিন্নাহ ১৯৫৭ সনের ১ ডিসেম্ববর নকলা উপজেলার দক্ষিণ নকলা গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম ও আওয়ামী লীগ পরিবারে জন্ম গ্রহণ করেন। বাবা মরহুম কছিম উদ্দিন আহমেদ ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। চাকরি থেকে অবসরকালীন সময়ে তিনি ২নং নকলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিও ছিলেন। মা মরহুমা নুরজাহান বেগম ছিলেন একজন সুশিক্ষিতা আদর্শ গৃহিণী। ৫ ভাই ও ১ বোনের মধ্যে শফিকুল ইসলাম জিন্নাহ সর্বকনিষ্ঠ। বড় ভাই মরহুম নজরুল ইসলাম ছিলেন নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক, মেজো ভাই মরহুম আজাহারুল ইসলাম ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আরেক ভাই সিরাজুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অপর মেজো ভাই মজিবর রহমান নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য। একমাত্র বড় বোন শরিফা খাতুন গৃহিণী। স্বাধীণতার সংগ্রামে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণের পাশিপাশি ১৯৭৫ সনে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করতে গিয়ে শফিকুল ইসলাম ৮ বছর কারাভোগ করেন।









