নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবু। তিনি ৭ মে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই দায়িত্ব গ্রহণ করেন। ওইসময় উপজেলা পরিষদের পক্ষ থেকে নবাগত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের শুভেচ্ছা স্মারক ও উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।
এ উপলক্ষে বিদায়ী উপজেলা চেয়ারম্যান একেএম মোখলেসুর রহমান রিপনের সভাপতিত্বে আয়োজিত দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, নবনির্বাচিত উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব আমিনুল ইসলাম ও মহিলা ভাইস-চেয়ারম্যান আশুরা বেগম, বিদায়ী ভাইস-চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন ও মহিলা ভাইস-চেয়ারম্যান আছমত আরা আছমাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানগণসহ অন্যান্য জনপ্রতিনিধি, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এদিকে দায়িত্ব গ্রহণের পরপরই নবনির্বাচিত চেয়ারম্যান মোকসেদুর রহমান লেবুর সভাপতিত্বে উপজেলা পরিষদের এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ওইসময় তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।









