শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদীতে ৮ম শ্রেণিতে পড়–য়া এক মাদ্রাসা ছাত্রীকে (১৩) হাত ও মুখ বেঁধে ধর্ষণ করেছে উজ্জল মিয়া (৪০) নামে এক ইজিবাইক চালক। ১ মে বুধবার দুপুরে উপজেলার গোশাইপুর ইউনিয়নের শংকরঘোষ গ্রামে ওই ঘটনা ঘটে। উজ্জল স্থানীয় জনৈক নওশেদ আলীর ছেলে ও ২ সন্তানের জনক। ঘটনার পর প্রতিবেশিরা ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য তাকে জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। বিকেলে খবর পেয়ে ওই নির্যাতিতা মাদ্রাসাছাত্রীকে দেখতে যান শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। ওইসময় তিনি ঘটনার বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ধর্ষিতার পরিবারকে আশ্বস্ত করেন। ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক উজ্জল মিয়া।
জানা যায়, শ্রীবরদী উপজেলার শংকরঘোষ গ্রামের শংকরঘোষ এ জুব্বার আলী দাখিল মাদরাসা পড়–য়া ছাত্রী বুধবার দুপুর ১২টার দিকে তার নিজ বাড়িতে কাপড় ধোয়ার সময় প্রতিবেশী ইজিবাইক চালক উজ্জল মিয়া ওই বাসায় যায়। ওইসময় বাড়িতে লোকজন না থাকায় সে ছাত্রীটির মুখ চেপে ধরে তাকে একটি ঘরে নিয়ে হাত ও মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পরপরই উজ্জল পালিয়ে যায়। পরে নির্যাতিতা ছাত্রীকে প্রতিবেশীরা আহত অবস্থায় উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।
এদিকে ধর্ষিতা মাদ্রাসা ছাত্রীর মা অভিযোগ করে জানান, ওই ঘটনার কয়েকদিন আগে থেকে উজ্জল তাদের বাড়িতে ঘনঘন যাতায়াত করতো। এমনকি তার মেয়েকে উত্ত্যক্ত করতো। ওই ঘটনায় তিনি উজ্জলের বাবা-মাকে জানালেও তারা তাকে শাসন করেনি। ওইদিন তারা বাড়িতে না থাকায় উজ্জল বাড়িতে গিয়ে তার মেয়েকে ধর্ষণ করে। ওই ঘটনায় তিনি ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ওই ঘটনায় শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের হয়েছে। ধর্ষক উজ্জলকে গ্রেফতারে অভিযান চলছে।









