নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলায় টালকী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মমিনুল ইসলাম মানিকের ২ পা, বাম হাত ও ৩টি দাঁত ভেঙ্গে দিয়েছে দুর্বৃত্তরা। ৩০ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার পাঠাকাটা চৌরাস্তা মোড়ে ওই হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা মানিককে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলেও অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্যদিকে ওই ঘটনায় ৭ জনকে আসামী করে থানায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও গ্রেফতার হয়নি কোন আসামী।
টালকী ইউনিয়ন যুবলীগের সভাপতি বজলুর রহমান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার পাঠাকাটা চৌরাস্তা মোড়ে পৌঁছামাত্র পিছন থেকে মোটরসাইকেল যোগে ৬-৭ জন দুর্বৃত্ত অতর্কিতে যুবলীগ নেতা মমিনুল ইসলাম মানিকের উপর হামলা চালায়। ওই হামলায় মানিকের ২ পা, বাম হাত ও ৩টি দাঁত ভেঙ্গে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে অটোরিক্সাযোগে নকলা হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা যুবলীগে আহবায়ক রফিকুল ইসলাম সোহেলসহ দলীয় নেতা-কর্মীরা মানিককে দেখতে ওই হাসপাতালে ছুটে যান।
পরে মানিকের অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ওই ঘটনায় মানিকের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ জানান, যুবলীগ নেতা মানিকের উপর হামলার ঘটনায় দায়ের করা অভিযোগের বিষয়ে তদন্ত হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেফতারেও চেষ্টা চলছে।









