স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ২৪ এপ্রিল বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফিরোজ আল মামুন শহরের অষ্টমীতলা এলাকার মৃগী নদীতে অভিযান চালিয়ে ওই ড্রেজার মেশিনটি ধবংস করেন।
জানা যায়, শহরের অষ্টমীতলা এলাকার শেরী মৃগী নদীতে একটি মহল অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালান ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন, ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ। ভ্রাম্যমান আদালতের অভিযান টের পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ওইসময় সেখানে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়।









