শ্যামলবাংলা ডেস্ক : দেড় যুগেরও বেশি সময় ধরে গান করছেন সঙ্গীতশিল্পী সোহেল মেহেদী। বাজারে তার ৬টি একক অ্যালবাম রয়েছে। উপহার দিয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। এবারের বাংলা নববর্ষে তিনি হাজির হলেন নতুনরূপে। এবারের বৈশাখে সোহেল মেহেদী তার ভক্ত-শ্রোতাদের উপহার দিলেন নতুন গান-ভিডিও ‘প্রাণ সখী’।
অভি আকাশের কথা ও সুরে গানটির সঙ্গীতায়োজন করেছেন রেজওয়ান শেখ। রোমান্টিক গল্পে গানটির ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। গানে মডেল হিসেবে আছেন পুনম হাসান জুঁই এবং বাধঁন। ভিডিওতে দেখা গেছে সোহেল মেহেদীকেও। গানটি প্রকাশ করেছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

সোহেল মেহেদী জানান- ‘আমি গান করি মনের টানে, ভালোলাগা থেকে। তাই চেষ্টা করি ভালো গান করতে। ‘প্রাণ সখী’ গানটি মাটির সুরের গান। সবার মন ছুঁয়ে যাবে এটা আমার প্রত্যাশা। প্রকাশের পর থেকেই খুব প্রশংসা পাচ্ছি। আমার বিশ্বাস এ গান দর্শক-শ্রোতাদের মনে অন্যরকম দোলা দেবে।’




















