স্টাফ রিপোর্টার ॥ ‘রাখবো নিষ্কণ্টক জমি বাড়ি, করব সবাই ই-নামজারি’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ১০ এপ্রিল বুধবার সকালে জেলা কালেক্টরেট ভবন অঙ্গনে সপ্তাহব্যাপী ওই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। এরপর এক বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। ওইসময় তিনি বলেন, সেবা সপ্তাহ উপলক্ষে ভূমি অফিসগুলোর মাধ্যমে যেকোন ব্যক্তি ভূমি সংক্রান্ত যেকোন বিষয়ে তাৎক্ষণিকভাবে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া যে কেউ চাইলে ঘরে বসে ই-সেবাও গ্রহণ করতে পারবেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারুক আল মাসুদ প্রমুখ।









