নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নকলা উপজেলায় গলায় ফাঁস দিয়ে রাবেয়া খাতুন (৪৫) নামে এক মানসিক প্রতিবন্ধী ও ২ সন্তানের জননী গৃহবধূ আত্মহত্যা করেছে। ২ এপ্রিল মঙ্গলবার রাতে উপজেলার গনপদ্দী ইউনিয়নের বড়ইতার এলাকায় গৃহবধূর পিত্রালয়ে ওই ঘটনা ঘটে। রাবেয়া স্থানীয় জনৈক আফিজ উদ্দিনের মেয়ে ও লাল মিয়ার স্ত্রী।
নিহতের বাবা আফিজ উদ্দিন ও স্বামী লাল মিয়া জানান, রাবেয়া খাতুন ৬/৭ মাস ধরে মানসিক রোগে ভুগছিলো। প্রায় সময় তাকে চোখে চোখে রাখতে হতো। মঙ্গলবার রাতে বাড়িতে কেউ না থাকায় রাবেয়া পরিত্যক্ত একটি ঘরের আড়া (ধন্না)’র সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি ঘটান। পরে অভিভাবক ও বাড়ির লোকজন বাড়ি ফিরে রাবেয়াকে খোঁজাখুজি করে না পেয়ে পরিত্যক্ত ওই ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে নকলা থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়৷পরে নিহতের স্বজনদের কোন অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এছাড়া যথাযথ কর্তৃপক্ষের বরাবরে আবেদনের প্রেক্ষিতে বুধবার সকালে তার লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।









