স্টাফ রিপোর্টার ॥ এবার শেরপুর জেলায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা। ২৪ মার্চ জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাকে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়। একই বছর তিনি সদর উপজেলাতেও শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। জেলা প্রশাসন ও শিক্ষা বিভগের আয়োজনে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তার হাতে জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হবে।
জানা যায়, সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের কুমড়ি কৃষ্ণপুর গ্রামের প্রয়াত ডাঃ আকতার হোসেনের পুত্র গোলাম মোস্তফা স্নাতকোত্তর এমএ, এমএড কোর্স সম্পন্ন করেছেন। তিনি ১৯৮২ সালে সদর উপজেলার খরখরিয়া শহীদ গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৮ সালে তিনি শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এরপর ২০০৯ সালের ১ অক্টোবর সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০০৩ সালে তিনি জেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।
তার দায়িত্ব ও কর্তব্যনিষ্ঠা, সততা ও আদর্শ নিষ্ঠায় আতিউর রহমান মডেল গার্লস ইনস্টিটিউট এখন জেলায় একটি অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করেছে। তিনি চাকরি জীবনের প্রায় শেষ পর্যায়ে উপনীত হয়েছেন। এ প্রতিষ্ঠান থেকেই নেবেন অবসর। বর্তমানে তিনি শহরের উত্তর গৌরীপুর মহল্লায় বসবাস করছেন। তিনি ২ পুত্র সন্তানের জনক। তার স্ত্রী রাশেদা বেগম বীর মুক্তিযোদ্ধা আবু বকর মেমোরিয়াল বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।









