স্টাফ রিপোর্টার : শেরপুরে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুলুরচরের সাতপাকিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। ওই ঘটনায় রাতেই শিশুটির নানীর অভিযোগের প্রেক্ষিতে ধর্ষক হাসেম মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। হাসেম কুলুরচর এলাকার সিরাজুল হকের ছেলে ও এক সন্তানের জনক।

পুলিশ জানায়, বাবা মায়ের বিচ্ছেদের পর শিশুটি সদর উপজেলার কুলুরচরের সাতপাকিয়া গ্রামে নানীর বাসায় থাকতো। বৃহস্পতিবার দুপুরে হাসেম মিয়া ওই শিশুকে লুডু খেলার জন্য নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ওইসময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ধর্ষক হাসেম পালিয়ে যায়। পরে আহত অবস্থায় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পাশ্ববর্তী জামালপুর সদর হাসপাতালে ভর্তি করান। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ একই এলাকা থেকে ধর্ষক হাসেমকে আটক করে। শিশুটি বর্তমানে সদর থানা পুলিশের তত্ত্বাবধানে শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষণের শিকার শিশুর নানী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি অন্যবাড়ির কাজ শেষে বাড়িতে গিয়ে জানতে পারি লুডু খেলার কথা বলে অামার নাতনীকে হাসেম মিয়ার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেছে। অামি হাসেমের বিচার চাই।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই ঘটনায় হাসেমের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।









