নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও সহযোগিতা আরও বেগবান করার লক্ষ্যে ১৮ মার্চ থেকে ভারতের পশ্চিম বাংলা প্রদেশের বিনাগুরি মিলিটারী ষ্টেশন থেকে শুরু হওয়া যৌথ সাইক্লিং অভিযানটি ২২ মার্চ শুক্রবার বিকেলে শেরপুরের নাকুগাঁও চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।
এ সাইক্লিনিং অভিযানের উভয় দেশের ৩০ জন বিভিন্ন পদবীর সেনা সদস্য অংশ নেয়। এদেরকে নাকুগাঁও চেকপোষ্টে বাংলাদেশ সেনাবাহিনী ১৯ পদাতিক ডিবিশন এর পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়। এসময় ভারত ও বাংলাদেশের উচ্চপদস্থ সেনা কর্মকর্তাসহ বিজিবি-বিএসএফ এবং বাংলাদেশের এলিট ফোর্স র্যাব ও পুলিশ এর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ ভারত থেকে শুরু হওয়া এ যৌথ সাইক্লিং সদস্যরা ভারতের ধুবরি-তুরা-ঢালু রুটে প্রায় ২৬৪ কিলোমিটার পথ পারি দিয়ে শুক্রবার বিকেলে বাংলাদেশে এসে পৌছায়। এ সময়ের মধ্যে সাইক্লিং দল ভারতের বগুড়ায় অবস্থিত স্মৃতিস্তম্ভে ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সাইক্লিং দলটি বাংলাদেশ অভ্যন্তরে হালুয়াঘাট-জামালপুর-ধনবাড়ি-মধুপুর হয়ে আরও ১৩৭ কিলোমিটার পথ পেরিয়ে টাঙ্গাইলের ঘাটাইল ক্যান্টনমেন্টে আগামী ২৫ মার্চ ‘ফ্ল্যাগ ইন’ অনুষ্ঠানের মধ্য দিয়ে যৌথ সাইক্লিং অভিযান শেষ করবে।









