নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ২২ মার্চ শুক্রবার বিকেলে নৌকা মার্কার প্রার্থী মোশারফ হোসেনের সমর্থক ও বিদ্রোাহী প্রার্থী মোকছেদুর রহমান লেবুর মোটসাইকেল মার্কার সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। ওইসময় ভাংচুর করা হয়েছে ১২টি মোটরসাইকেল।
জানা যায়, শুক্রবার দুপুরে রামচন্দ্রকুড়া ইউনিয়নের উত্তর কালাকুমা গ্রামে মোটরসাইকেল মার্কার সমর্থক মো. জহুরুল হককে মোটরসাইকেলের নির্বাচনী প্রচারনা কার্যালয় বন্ধ করতে এবং নির্বাচন করতে নিষেধ করেন নৌকা মার্কার সমর্থকরা। ওইসময় জহুরুল ও তার বোন জাহানারা বেগমের সাথে নৌকা সমর্থকদের বাক-বিতন্ডা হয়। বিকেলে ওই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে ৫০-৬০ জন নৌকা মার্কার সমর্থক জহুরুলদের মোটরসাইকেলের প্রচারনা কার্যালয়, দোকান ও বাড়ি-ঘর ভাংচুর করে। এ সময় সবুজ মিয়া, জহুরুল ও জাহানারা বেগমকে মারধর করে নৌকা মার্কার কর্মীসমর্থকরা। খবর পেয়ে মোটরসাইকেল মার্কার প্রার্থী মোকছেদুর রহমান লেবু ও তার সমর্থকরা ওই এলাকায় সড়কে মোটরসাইকেল রেখে ঘটনাস্থলে যান। এ সময় সড়কে রেখে যাওয়া ৮টি মোটরসাইকেল নৌকা মার্কার সমর্থকরা ভাংচুর করে। পরে এ নিয়ে দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে নৌকা মার্কার ৩ সমর্থক কালাকুমা গ্রামের ফরহাদ আলী, কুদরত আলী ও হাফিজুর রহমান মারধরের শিকার হন। পরে পুলিশ, র্যাব, বিজিবি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে কালাকুমা গ্রামের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় মোকছেদুর রহমার লেবুর সমর্থকরা তারাগঞ্জ উত্তর বাজারের তার কার্যালয়ে সমবেত হয়। ওইসময় শহীদ মিনার চত্বরে রাখা নৌকা মার্কার প্রচারণায় ব্যবহৃত একটি মাইক্রোবাস ধাওয়া করে। একপর্যায়ে নৌকার প্রার্থী মোশারফ হোসেনের সমর্থকদের ৪টি মোটরসাইকেল ভাংচুর করে। এতে মুহুর্তেই শহরে আতংক ছড়িয়ে পড়ে ও দ্রুত শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে ইউএনও আরিফুর রহমান, এএসপি জাহাঙ্গীর আলম ও ওসি আবুল খায়েরসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত হলে পরিবেশে স্বাভাবিক হয়।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম জানান, আমরা মোটরসাইকেলের প্রচারণা কার্যালয় ও বাড়ি-ঘর ভাংচুর করিনি ও কাউকে মারধরও করিনি। মোটরসাইকেলের কর্মীসর্মকরাই আমাদের নৌকা মার্কার সমর্থকদের মারধর ও ৪টি মোটরসাইকেল ভাংচুর করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, পুলিশ, বিজিবি ও র্যাবের উপস্থিতিতে কালাকুমা এবং পৌর শহরের উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মারধরের ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।
এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, দু’পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।









