স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে চাঞ্চল্যকর আশরাফ আলী হত্যা মামলার রায়ে মামুন মিয়া নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। ১১ মার্চ সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মোসলেহ উদ্দিন ওই সাজার রায় ঘোষণা করেন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মামুন মিয়া সদর উপজেলার জঙ্গলদী এলাকার সৈয়দ আলীর ছেলে। একইসাথে মামলায় আয়নাল, সৈয়দ আলী ও সবুজ মিয়া নামে আরও ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হলেও অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৫ আসামীকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর মধ্যে আয়নালকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড এবং সৈয়দ আলী ও সবুজ মিয়াকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
আদালতের এপিপি এডভোকেট মঞ্জুরুল ইসলাম জানান, শেরপুর সদর উপজেলার জঙ্গলদী মায়ারবাড়ী গ্রামের আশরাফ আলীর সাথে স্থানীয় মামুন মিয়ার বাবা সৈয়দ আলীর পারিবারিক কলহ চলছিলো। এরই জের ধরে ২০১৬ সালের ১০ জুলাই বিকেলে সৈয়দ আলী তার দলবলসহ আশরাফ আলীর বাড়িতে গিয়ে হামলা চালায়। ওইসময় মামুন মিয়া হাতে থাকা বল্লম (দেশীয় ধারালো অস্ত্র) দিয়ে আশরাফের বুকে ঘাই দিলে তিনি গুরুতর আহত হন। ২ দিন পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আহত আশরাফের মৃত্যু ঘটে। ওই ঘটনায় নিহতের স্ত্রী কাঞ্চন খাতুন বাদী হয়ে ২৪ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সদর থানার তৎকালীন এসআই জীবন চন্দ্র বর্মন তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি ১৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। বিচারিক পর্যায়ে বাদী, চিকিৎসক ও তদন্ত কর্মকর্তাসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।









