স্টাফ রিপোর্টার ॥ ‘দুর্যোগ মোকাবিলায় প্রস্ততি হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে সারাদেশের ন্যায় শেরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৯ পালিত হয়েছে। ১০ মার্চ রবিবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। র্যলিতে স্কুল-কলেজের শিক্ষার্থী, যুব উন্নয়ন, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় দুর্যোগ মোকাবিলা ও প্রস্তুতি বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, জেলা রেড ক্রিসেন্ট উপ-পরিচালক হায়দার আলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং যুব রেড ক্রিসেন্ট সদস্যদের যৌথ অংশ গ্রহণে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দুর্যোগ ও দুর্ঘটনা বিষয়ে এক মহড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওইসময় মহড়া প্রত্যক্ষ করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক মোঃ আবুল বাশার প্রমুখ।









