স্টাফ রিপোর্টার ॥ ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সন্ত্রাস, মাদকবিরোধী, জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিংবিরোধী কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ সোমবার বিকেলে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম। ওইসময় তিনি সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ নির্মূলে সবার সহযোগিতা কামনা করেন।
কামারেরচর ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, কামারেরচর পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান দুলাল ও বিশিষ্ট সমাজসেবক এটিএম উসমান গণি। সাংবাদিক আছাদুজ্জামান মোরাদের সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামারেরচর ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) মোঃ আব্দুল মজিদ, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোঃ আব্দুর হাই প্রমুখ। ওইসময় অন্যান্য পুলিশ কর্মকর্তাসহ এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।









