কাস্টমস কর্মকর্তা ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর পরিদর্শন এবং কাস্টমস কর্মকর্তা ও স্থানীয় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এইচ.ই. সুনাম টবডেন রাবগি। ৩ মার্চ রবিবার বিকেলে কাস্টমস অফিসের সম্মেলন কক্ষে ওই মতবিনিময় অনুষ্ঠিত হয়। ওইসময় তিনি বলেন, আমি নাকুগাঁও স্থলবন্দরটি পরিদর্শন করতে এসেছি। এখানে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনাটা কি? এই ব্যবসা এখানে আরও বৃদ্ধি করলে কি ধরণের পণ্য চালু হতে পারে? এখানকার সমস্যা কি এবং সমাধানের জন্য কি ধরণের পদক্ষেপ নেওয়া উচিত- এ বিষয়গুলো বিস্তারিত জানার জন্য এখানে পরিদর্শনে এসেছি। এছাড়া আমদানী-রপ্তানীর ক্ষেত্রে নাকুগাঁও স্থলবন্দর বেশ সম্ভাবনাময় এবং এটিকে এগিয়ে নিয়ে যেতে তিনি তার পক্ষ থেকে ভূমিকা রাখবেন বলেও জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন কাস্টমসের ডেপুটি কমিশনার (ডিসি) শামছুল আরেফিন খান, নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, স্থলবন্দর আমদানী-রপ্তানীকারক সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারন সম্পাদক অরুণ চন্দ্র সরকার, রাজস্ব কর্মকর্তা মো. মাহফুজ, সহকারী রাজস্ব কর্মকর্তা হাসান কবির প্রমুখ।









