নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কে কথিত মূল্যবান একটি তক্ষক অবমুক্ত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে বনবিভাগের তত্ত্বাবধানে মধুটিলা ইকোপার্কের জঙ্গলে ওই তক্ষকটি অবমুক্ত করা হয়।
বনবিভাগ ও পুলিশ সূত্রে জানা যায়, পাশ্ববর্তী উপজেলা হালুয়াঘাট থেকে তক্ষক পাচারকারী চক্র বৃহস্পতিবার দুপুরে একটি শপিং ব্যাগে করে প্রায় ১২ ইঞ্চি লম্বা একটি তক্ষক পাচার করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যাগ ফেলে পাচারকারী ব্যক্তি পালিয়ে যায়। পরে নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের আড়াইআনী বাজারের চকপাড়া মহল্লার তোফাইল মিয়ার পরিত্যক্ত রান্নাঘর থেকে ওই তক্ষকটি উদ্ধার করে থানা পুলিশ। পরে ওই তক্ষকটিকে বন বিভাগের মধুটিলা রেঞ্জে হস্তান্তর করা হয়। পরে বিকেলে সমেশ্চুড়া বনবিট কর্মকর্তা আব্দুর রউফ, সমাজিক বনায়নের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন, এএসআই আজাহার আলী, পার্কের ইজারাদার সাদ্দাম হোসেন, মারফত আলী মারুফসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মধুটিলা ইকোপার্কের জঙ্গলে তক্ষক সাপটি অবমুক্ত করা হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।









