শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের গণশুনানির আয়োজন গণতামাশা ছাড়া আর কিছুই না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ঐক্যফ্রন্টের গণশুনানির বিচারপতি হিসেবে যখন ড. কামাল হোসেনের নাম আসে, তখন এটা গণশুনানির নামে গণতামাশা ছাড়া আর কিছুই না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ‘অনিয়ম’ নিয়ে গণশুনানির আয়োজন করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকায় এ গণশুনানি হবে বলে বুধবার ঐক্যফ্রন্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নির্বাচনী ট্রাইব্যুনালে বিএনপি-ঐক্যফ্রন্টের প্রার্থীদরে মামলার প্রসঙ্গে কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, একটি রাজনৈতিক দল যখন আন্দোলনেও পরাজিত হয়, নির্বাচনেও পরাজিত হয়, তখন তাদের সামনে নালিশ ও মামলা ছাড়া অস্তিত্ব টিকিয়ে রাখার আর কোনো পথ খোলা থাকে না। এ ছাড়া তো আর কোনো অবলম্বন নেই, আর কোনো পুঁজিও নেই। আমরা মামলা মোকাবিলা করব।
ওবায়দুল কাদের বলেন, তৃণমূলের অভিযোগ ক্ষতিয়ে দেখে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের কয়েকজন প্রার্থীর রদবদল রদবদল করা হয়েছে।





















