স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহ বিভাগে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা আইনজীবী সমিতির ১নং ভবনে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান এডভোকেট ইউসূফ হোসেন হুমায়ুন। ওইসময় তিনি বলেন, সারাদেশে সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ হওয়ার পর বিভাগীয় পর্যায়ে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠনের মাধ্যমে প্রতিটি জেলায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কমিটি গঠন করা হবে। কাজেই ওই কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই কোথাও যদি কোন কমিটি করা হয়ে থাকে, বা নতুন করে করা হয় তাহলে সেটা অবৈধ বলেই গণ্য হবে।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও বার কাউন্সিলের সাবেক ভাইস-চেয়ারম্যান এডভোকেট আব্দুল বাসেত মজুমদার সদস্য সংগ্রহ কার্যক্রম শেষ এবং কেন্দ্রীয় নির্দেশনা ছাড়া কোথাও কমিটি গঠন থেকে বিরত থাকার জন্য দলের আইনজীবী নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা আজ দেশটাকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। তার নেতৃত্বে দেশ আজ আন্তর্জাতিক অঙ্গণে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। তাই বঙ্গবন্ধুর আদর্শের আইনজীবীদেরকে আজ ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলার সফল বাস্তবায়নে শরিক হতে হবে। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব ও ৩ দফায় নির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করেন। সেইসাথে তিনি দীর্ঘদিন যাবত রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকারীদের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেন, দলের ত্যাগী ও পরীক্ষিত অন্যান্য আইনজীবীদেরকেও যাতে মূল্যায়ন করা যায়, এবার সে বিষয়টিও ভাবা হচ্ছে। আর এর সবগুলোই বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মাধ্যমে করতেও কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জালাল উদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বার কাউন্সিলের রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট কবির উদ্দিন ভুইয়া, সাবেক সদস্য এডভোকেট আনিসুর রহমান খান, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, জামালপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, শেরপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, নেত্রকোনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্য্য প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট বদর উদ্দিন আহম্মদ। মতবিনিময় সভা শেষে ময়মনসিংহের প্রবীণ আইনজীবী এডভোকেট আনিসুর রহমান খানকে প্রথম সদস্য করে সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় নেতারা। পরে তারা ময়মনসিংহ বিভাগের ৪ জেলার আইনজীবী সমিতির সভাপতির হাতে সদস্য সংগ্রহ ফরম তুলে দেন। মতবিনিময় সভায় ৪ জেলার আইনজীবী সমিতির দলীয় নেতৃবৃন্দসহ সরকারি আইন কর্মকর্তা, অধুনাবিলুপ্ত বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
























