স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে এবার প্রায় ২ লক্ষ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। ৬ ফেব্রুয়ারি বুধবার সকালে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই তথ্য জানানো হয়। সিভিল সার্জন ডাঃ রেজাউল করিমের সভাপতিত্বে ওই সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। এতে মূল বক্তব্য উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, শেরপুর জেলাতে আগামী ৯ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে ৬-১১ মাস বয়সী ২১,৮৫০ জন শিশুকে নীল রং এবং ১২-৫৯ মাস বয়সী ১,৭৭,৯৫১ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জেলায় ১৩৪৯ টি কেন্দ্রে ২৬৯৮ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন অফিসের অন্যান্য চিকিৎসক ও জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









