প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টাসহ ৪৬ জন দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার ৪ হাজার রোগী দেখবেন

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের নালিতাবাড়ীতে আগামী ৮ ফেব্রুয়ারি শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হবে। বৃহত্তর ময়মনসিংহ সমিতি ও স্থানীয় মাওলানা হাসমতউল্লাহ দেওবন্দি ফাউন্ডেশনের উদ্যোগে নবনির্মিত উপজেলা পরিষদ ভবনে ওই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান জানান, এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মাওলানা হাসমতউল্লাহ দেওবন্দি ফাউন্ডেশনের সভাপতি ও নৌ পরিবহন মন্ত্রনালয়ের সচিব আব্দুস সামাদ ফারুক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করবেন। এতে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা (নাক, কান ও গলা বিশেষজ্ঞ) ডাঃ প্রাণ গোপাল দত্তসহ দেশবরেণ্য ৪৬ জন বিশেষজ্ঞ ডাক্তার সকাল ৯টা থেকে নামাজ বিরতি দিয়ে দিনব্যাপী বিভিন্ন রোগের প্রায় ৪ হাজার রোগী দেখে বিনামূল্যে ব্যবস্থাপত্র ও ঔষধ বিতরণ করবেন।
নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি ও বাঘবেড় ইউপি চেয়ারম্যান আব্দুস সবুর মিয়া জানান, উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভার চেয়ারম্যান এবং পৌর মেয়রের মাধ্যমে প্রায় ৪ হাজার রোগীর তালিকা প্রস্তুত করা হয়েছে। আগামী শুক্রবার সারাদিন ডাক্তাররা রোগী দেখে ব্যবস্থাপত্র ও ঔষধ দেবেন।









