স্টাফ রিপোর্টার ॥ জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেছেন, ঐক্য, গণতন্ত্র, শান্তি, মুক্তি, প্রগতি ও সমৃদ্ধি অর্জনের মহান লক্ষ্যে জাতির চোখের পর্দার খুলে দেওয়ার দরকার। সে জন্যই জাকের পার্টিকে জাতীয় সংসদে দরকার। তার আগে দেশব্যাপী আমরা বাংলার ঘরে ঘরে চেতনার দাওয়াত নিয়ে যেতে চাই। বাংলাদেশকে একটি সংসারের মতো আমরা লালন করতে চাই। তিনি ৩ ফেব্রুয়ারি রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কুসুমহাটি জমশেদ আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে ওইসব কথা বলেন।
তিনি বলেন, ক্ষমতার চাইতে জাতীয় স্বার্থ আমাদের কাছে অগ্রগণ্য। আমরা ধৈর্যের পথ অবলম্বন করছি। কিন্তু ধৈর্যের সীমা আছে। জাতীয় স্বার্থ সংরণ প্রশ্নে জাতিকে ঐক্যবদ্ধ করে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে জাকের পার্টি দৃঢ় সংকল্পবদ্ধ।
মোস্তফা আমীর ফয়সল বলেন, বাংলার মানুষকে গোলাপের ন্যায় পবিত্র করে সোনার দেশ হিসেবে গড়ে তুলতে চাই। এই লক্ষ্যে সকলকে বিশ্ব জাকের মঞ্জিলে বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের পবিত্র উরস শরীফে সমাবেত হওয়ার উদাত্ত্ব আহবান জানাই।
শেরপুর জেলা জাকের পার্টির সভাপতি খন্দকার শাহজাদা মিয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হাজী আতাউর রহমান, জামালপুর জেলার সভাপতি শাহজাহান আলী, টাংগাইল জেলা সভাপতি খলিলুর রহমান, শেরপুর জেলা ছাত্রফ্রন্ট সভাপতি শামীম আহমেদ প্রমুখ।
বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃছেঃআঃ) ছাহেবের জন্মভুমি শেরপুরে জাকের পার্টির চেয়ারম্যানের আগমনে সড়ক পথে জায়গায় জায়গায় জাকের পার্টির নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান।









