স্টাফ রিপোর্টার ॥ প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে ৪ ফেব্রুয়ারি সোমবারের খেলায় বোলারদের দাপটের ম্যাচে শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়কে ৬২ রানে হারিয়েছে আইডিয়াল প্রিপারেটরি এ- হাই স্কুল। শেরপুর সরকারি কলেজ মাঠে সকালে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে আইডিয়াল প্রিপারেটরি এ- হাই স্কুল। নির্ধারিত ৫০ ওভারের খেলায় মেমোরিয়ালের ফাস্ট বোলার জয়নাল ও শাহরিয়ার শিমুলের তোপের মুখে ২৯ দশমিক ২ ওভারে ১১৪ রানে অলআউট হয় আইডিয়ালের ব্যাটসম্যানরা। জবাবে আইডিয়ালের অফস্পিনার মুফতি ইসলাম ও ফারুক-ই-আজমের স্পিন ঘুর্ণিতে কুপোকাত হয়ে মেমোরিয়ালের ব্যাটসম্যানরা ২৪ ওভারে মাত্র ৫২ রানে অলআউট হলে ৬২ রানের বড় জয় পায় আইডিয়াল। মেমোরিয়ালের ওপেনার নাজমুল হোসেনের ১৩ রান ছাড়া আর কেউ দুই অংকের রান করতে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান আসে অতিরিক্ত থেকে। আইডিয়ালের স্পিনার মুফতি ইসলাম ৪ ওভার বল করে ৩ মেডেন সহ ৭ রানে ৬ উইকেট নিয়ে ‘ম্যান অব দি ম্যাচ’ নির্বাচিত হন। আম্পায়ার সাইফ হোসেন শোভন ম্যাচ সেরার পুরষ্কার হিসেবে মুফতি ইসলামের হাতে ম্যাচ বলটি তুলে দেন। বিসিবি’র আয়োজনে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় শেরপুর ভেন্যুতে জেলার মাধ্যমিক পর্যায়ের ৮টি স্কুল-মাদ্রাসা দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
সংক্ষিপ্ত স্কোর : আইডিয়াল প্রিপারেটরি এ- হাই স্কুল-১১৪/১০, ২৯.২ ওভার (বিজয় ৩১, সৌরভ ১৪*, মুফতি ইসলাম ১১, অতি: ২৫, জয়নাল ৬/২৬, শাহরিয়ার শিমুল ৩/২০)। শেরপুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়-৫২/১০, ২৪ ওভার (নাজমুল ১৩, অতি: ৩১, মুফতি ইসলাম ৬/৭, ফারুক ই-আজম ২/২১)। আইডিয়াল প্রিপারেটরি এ- হাই স্কুল ৬২ রানে জয়ী।









