স্টাফ রিপোর্টার॥ ‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত খাদ্যের বিকল্প নাই’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে জাতীয় খাদ্য নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ ফেব্রুয়ারি শনিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় জেলা কালেক্টরেট চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল। ওইসময় তিনি বলেন, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে প্রয়োজন জনসচেতনতা। আমরা বাড়িঘরে কাঁচা মাংসের সঙ্গে রান্না করা খাবার রাখছি। এতে করে নিজের অজান্তেই খাবার দূষণ করছি। তাই খাদ্য নিরাপদ নিশ্চিত করতে শুধু সরকারের নয়, মানুষকেও সচেতন হতে হবে। সবাই সচেতন না হলে নিরাপদ খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল কাদেরের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মোবারক হোসেন, জেলা খামারবাড়ির অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোঃ আক্তারুজ্জামান, শিক্ষক আইয়ুব আলী, ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার রুকনুজ্জামান খোকন প্রমুখ। অনুষ্ঠানে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।









