স্টাফ রিপোর্টার ॥ শেরপুরে ই-নামজারি ব্যবস্থাপনা সিস্টেম বিষয়ক ব্যবহারকারী প্রশিক্ষণের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে এটুআই’য়ের সহযোগিতায় তুলসীমালা ট্রেনিং কাম কম্পিউটার ল্যাবে আয়োজিত ৪ দিনব্যাপী ওই প্রশিক্ষণের শেষ দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন, আরডিসি মাহমুদুল হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সনদ বিতরণ শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন বলেন, নাগরিক সেবা স্বচ্ছ ও সহজীকরণের উদ্দেশ্যে সরকার ই-নামজারি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন ভূমি সহকারী ও উপ-সহকারী কর্মকর্তাগণকে বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এখন থেকে অনলাইনে মাধ্যমেই নামজারি, খারিজসহ সকল সেবা পাওয়া যাবে।
প্রশিক্ষণ কর্মশালায় নকলা, নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী কর্মকর্তাসহ ২৭ জন অংশ নেন। এর আগে ২৮ জানুয়ারি জেলা প্রশাসক আনার কলি মাহবুব ওই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।




