স্টাফ রিপোর্টার ॥ শ্যামলবাংলা২৪ডটকম’এ খবর প্রকাশের পর শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আর্থিক সহায়তা পেয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দরিদ্র মেধাবী ছাত্রী নাসিমা খাতুন। এতে তার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সমস্যা দূর হয়েছে। সেইসাথে ভর্তির স্বপ্ন পূরণ হওয়ায় নাসিমার মুখে ফিরে এসেছে হাসি।
জানা যায়, গত ১৭ জানুয়ারি ‘অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত হতদরিদ্র নাসিমার’ শিরোনামে শ্যামলবাংলা২৪ডটকম’এ একটি খবর প্রকাশিত হয়। ওই খবর দেখে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব, নালিতাবাড়ীর কৃতি সন্তান আব্দুস সামাদ ফারুক ত্রিশ হাজার টাকা সহায়তার চেক পাঠান। ২৩ জানুয়ারি মঙ্গলবার দুপুরে নাসিমার হাতে ওই চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। এছাড়া লন্ডনের সারাহ্ হাবিব ট্রাস্টের কলম সাহিত্য সংসদের চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম হাবিবি ও বাংলাদেশের শেরপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলামের সহযোগিতায় ২৪ জানুয়ারি বৃহস্পতিবার সকালে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়। উপজেলার নন্নী ইউনিয়নের নন্নী পশ্চিমপাড়া গ্রামে নাছিমার বাড়িতে গিয়ে তার হাতে ওই আর্থিক সহায়তা তুলে দেন নন্নী ইউনিয়নের চেয়ারম্যান একেএম মাহবুবুর রহমান রিটন। ওইসময় উপস্থিত ছিলেন কলম সাহিত্য সংসদ জামালপুর জেলা শাখার সভাপতি রাহিল রিফাত, সাংবাদিক এম. সুরুজ্জামান, আমিরুল ইসলাম প্রমুখ। সেইসাথে নাসিমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ না থাকায় একটি সোলার সেট দেওয়ার আশ্বাস দেন ইউপি চেয়ারম্যান রিটন।
সহযোগিতা পেয়ে নাসিমা আবেগাপ্লুত কন্ঠে জানায়, ভ্যানচালকের মেয়ে আমি। সবাই সহযোগিতা করলে আমি লেখাপড়া শিখে ম্যাজিস্ট্রেট হবো। দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়াবো। সেইসাথে সে তার ভর্তির জন্য আর্থিক সহায়তা দেওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যক্তিসহ শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই কথা জানান নাসিমার বাবা ভ্যানচালক নুরুল ইসলাম ও মা জহুরা বেগম।
উল্লেখ্য, শেরপুরের নালিতাবাড়ীর হতদরিদ্র পরিবারের মেয়ে নাসিমা খাতুন নেত্রকোনায় নবপ্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় ক ইউনিটে ৮ম এবং খ ইউনিটে ২৪তম স্থান লাভ করে। কিন্তু ভর্তির জন্য ২০ হাজার টাকার প্রয়োজন হলেও সেই অর্থের যোগান দেওয়া সম্ভব হচ্ছিল না তার হতদরিদ্র পিতার। এজন্য সে হতাশ ও বিপর্যস্ত হয়ে পড়ে।









