স্টাফ রিপোর্টার ॥ ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে আজ সোমবার শেরপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি প্রাঙ্গণে গণিত অলিম্পিয়াডের শেরপুর জেলার বাছাইপর্ব উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১৪ জানুয়ারি সোমবার সকালে উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রতিনিধি জ্যেষ্ঠ সহকারী শিক্ষক মো. হারুন-অর-রশীদ। ওই সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো যৌথভাবে এ উৎসবের আয়োজন করে।
উৎসব উদ্বোধন করে সংক্ষিপ্ত বক্তব্যে হারুন-অর-রশীদ বলেন, গণিত আর বিজ্ঞান একে অপরের পরিপূরক। গণিত ছাড়া বিজ্ঞান অচল। তাই দেশ ও সমাজ উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য গণিত সম্পর্কে প্রত্যেককে সম্যক ধারণা অর্জন করতে হবে। এ বিষয়ে সচেতন থাকার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
পরে বিদ্যালয়ের সাতটি শ্রেণিকক্ষে শুরু হয় বাছাইপর্বের পরীক্ষা। এক ঘণ্টার এ পরীক্ষায় জেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের মধ্যে ১০৩ জনকে আঞ্চলিক উৎসবের জন্য নির্বাচিত করা হয়। ম্যাথ অলিম্পিয়াডের ওয়েবসাইটে তাদের ফলাফল প্রকাশ করা হবে। পরীক্ষাপর্ব পরিচালনা করেন গণিত অলিম্পিয়াড একাডেমিক দলের সদস্য রাকেশ ও রাতুল। অনুষ্ঠানটি সফল করতে শেরপুর বন্ধুসভার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক মাসুকুর রহমান মিশুকসহ বন্ধুসভার সকল সদস্য সার্বিক সহযোগিতা করেন।









