স্টাফ রিপোর্টার ॥ শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক (৮০) দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছেন। সম্প্রতি ভারত থেকে চিকিৎসা নিয়ে শহরের বাগরাকসা মহল্লার বাসায় শয্যাশায়ী রয়েছেন। ওই অবস্থায় তিনি আকুতি প্রকাশ করে বলেন, যদি আমার সঠিক চিকিৎসার ব্যবস্থা হতো, তাহলে সবচেয়ে ভালো হতো। আমি ভালো হতে চাই। আরও কিছুদিন বেঁচে যেতে চাই। এজন্য তিনি আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা কামনা করেন।
জানা যায়, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক কয়েক মাস ধরে লিভার জটিলতায় আক্রান্ত হয়ে সম্প্রতি ভারতে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। এরপর চিকিৎসকদের পরামর্শে চলে এসে এখন নিজ বাড়িতেই কঠিন সময় পার করছেন। দুধ ও তরল জাতীয় খাদ্য ছাড়া কিছু খেতে পারছেন না। অসুস্থতার কারণে কণ্ঠস্বর আগের চেয়ে ক্ষীণ হয়ে গেছে। শুকিয়ে গেছে শরীরও।
একাত্তরে মুক্তিযুদ্ধকালীন সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা ও তৎকালীন শেরপুর থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক। তিনি ১৯৮৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ ২১ বছর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যবর্গ নিহত হওয়ার পর প্রতিবাদ সভা করার কারণে দীর্ঘ ১৭ মাস ময়মনসিংহ জেলা কারাগারে বন্দি ছিলেন। জীবনের দীর্ঘ প্রায় ৪০ বছর রাজনীতিতে সক্রিয় থাকার পরও দলের দায়-দায়িত্বের বাইরে যখন কোন প্রাপ্তিই মিলছিল না তার ভাগ্যে, ঠিক তখন দলের সিদ্ধান্তের বাইরে শেরপুর পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকে সেই যে ছিটকে পড়া, তারপর থেকে আর সম্ভব হয়ে উঠেনি দলে ফেরা। ফলে সেই থেকে দীর্ঘ প্রায় ১৯ বছর অনেক যাতনা ও কষ্ট নিয়ে নীরবে-নিভৃতেই চলছিল তার জীবন। দলে টানা তো দূরে থাক, খোঁজ-খবর নেওয়ার মতো ফুরসতও মেলেনি দায়িত্বশীলদের। কিন্তু রাজনৈতিক ব্যস্ততার কারণে যে মানুষটি ছিলেন তার সংসারের মূল চালিকাশক্তি, অবসর জীবনে যে ছিলেন অকৃত্রিম বন্ধু, সেই স্ত্রী কয়েক বছর আগে মারা যাওয়ায় এমনিতেই বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।
২ ছেলে ও এক মেয়ের জনক মোজাম্মেল হকের সাংসারিক অবস্থাও খুব একটা ভাল নয়। দেশে ও দেশের বাইরে চিকিৎসা করাতে গিয়ে এখন একেবারেই টানা-পোড়েন সংসার চলছে। বাসায় ছেলে ও পুত্রবধূরা তার দেখাশোনা করলেও অনটনের কারণে সঠিক চিকিৎসা করাটাও সম্ভব হচ্ছে না। তাই জীবনের কঠিন সময়ে আরও কিছুটা সময় বাঁচার আকুতি নিয়ে স্মরণ করলেন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকেই।









