৩৯৯টি কেন্দ্রের মধ্যে ২৮৫ কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ
স্টাফ রিপোর্টার ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে শেরপুরের ৩টি আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করবে সেনা, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসারের ৭ সহস্রাধিক সদস্য। আর বিচার বিভাগীয় কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মাঠে থাকবে ২৩টি মোবাইল কোর্ট। ২৮ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার পক্ষে স্থানীয় সাংবাদিকদের ওইসব তথ্য জানান স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, জেলার ৩টি নির্বাচনী এলাকায় সেনাবাহিনীর ৪৫০ জন সদস্য, বিজিবির ১২৬ জন সদস্য, র্যাবের ৫০ জন সদস্য ও আনসারের ৫৫৮৬ জন সদস্য প্রতি উপজেলায় সেনাবাহিনীর ২ টি, প্রতি আসনে বিজিবির ২টি, র্যাবের ২টি করে পেট্রোল টিম টহলে থাকবে। এছাড়া জেলার ৪ টি পৌরসভা ও ৫২টি ইউনিয়নে পুলিশের একটি করে পেট্রোল টিম টহলে থাকবে। প্রতি কেন্দ্রে ১২ জন করে আনসার সদস্য ও ২ জন পুলিশ সদস্য নিয়োজিত থাকবেন। অন্যদিকে জেলার ৩৯৯টি কেন্দ্রের মধ্যে ২৮৫টি কেন্দ্রকে অতি ঝুঁকিপূর্ণ (অধিক গুরুত্বপূর্ণ) ও ১১৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে নির্বাচন অনুষ্ঠানে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী ইতোমধ্যে উপজেলা পর্যায়ে পাঠানো হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, ২৮ ডিসেম্বর শুক্রবার রাত ১২টা থেকে ১ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অপরদিকে অন্যান্য যানবাহন ২৯ ডিসেম্বর মধ্যরাত থেকে ৩০ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত চলাচল করতে পারবে না। যে সকল যানবাহন বন্ধ থাকবে সেগুলোর মধ্যে বেবি ট্যাক্সি/অটো রিকশা/ইজিবাইক, ট্যাক্সি ক্যাব, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পু, স্থানীয় পর্যায়ে যন্ত্রচালিত বিভিন্ন যানবাহন।
তবে রিটার্নিং কর্মকর্তার অনুমিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী/তাদের এজেন্ট, দেশি-বিদেশি পর্যবেক্ষকসহ সাংবাদিকদের ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা শিথিলযোগ্য। নির্বাচনে সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি-বিদেশি সাংবাদিক (পরিচয়পত্র থাকতে হবে), নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনী, নির্বাচনে বৈধ পরিদর্শক এবং জরুরি কাজে বিশেষ করে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগ ইত্যাদি কাজে ব্যবহৃত যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
প্রেস ব্রিফিংয়ে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুনসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।









