স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৪ বারের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার বিকেলে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় মুকসুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ওই নির্বাচনী জনসভায় হুইপ আতিক বলেন, টানা ৪ বার শেরপুর সদর আসনে সংসদ সদস্য হিসেবে আপনাদের দেয়া নৌকা প্রতীকে ভোটে নির্বাচিত হয়েছি। বিগত বছরগুলোতে শেরপুরের প্রত্যন্ত গ্রামগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। ওইসব উন্নয়নের মধ্যে রয়েছে এই মুকসুদপুর উচ্চ বিদ্যালয়ের ভবন নির্মাণ, সদর উপজেলার অবহেলিত গ্রামের পাকা সড়ক নির্মাণ, মসজিদ, মাদরাসা, স্কুল এবং ইউনিয়ন পরিষদ ভবনের অবকাঠামো।
ওইসময় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিগত সংসদ নির্বাচনের মত আবারও নৌকায় ভোট দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে মেডিক্যাল কলেজ হাসপাতাল, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রেল লাইন, শেরপুর-ময়মনসিংহ মহাসড়ক ফোরলেন নির্মাণসহ অন্যান্য অসমাপ্ত কাজ বাস্তবায়নের সুযোগ চান আতিউর রহমান আতিক ।
আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য ও চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খোরশেদুজ্জামানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফখরুল মজিদ খোকন ও খন্দকার নজরুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব দুলাল মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষিবিদ আল ফারুক ডিউন, জেলা পরিষদ সদস্য জাকারিয়া বিষু, বিএমএ সভাপতি ডাঃ এমএ বারেক তোতা, হুইপ তনয়া ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি প্রমুখ।




