নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি ॥ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে মহাজোট সমর্থিত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাড়িয়েছে। এত বন্যা, এত ঝড়, এত রোহিঙ্গা, এত ষড়যন্ত্র, এত আগুন, নির্বাচন বানচালের জন্য রেল লাইন উঠিয়ে ফেলা, গাছ কাটা, রাস্তা-ঘাট নষ্ট করা, মানুষ পুড়িয়ে মারা- তারপরও অদম্য বাংলাদেশ। তিনি ২৪ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় দিনব্যাপী নির্বাচনী প্রচারনার অংশ হিসেবে শেরপুরের নালিতাবাড়ী পৌরশহরের আড়াইআনী বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, সাবাস পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে-পুড়ে-মরে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়- এই হলো বঙ্গবন্ধুর বাংলাদেশ। শেখ হাসিনা মাথা নোয়াননি। একমাত্র আল্লাহ ছাড়া তিনি কারও কাছে মাথা নোয়াননি।
তিনি বলেন, শেখ হাসিনা সমুদ্র সীমানা জয় করেছেন। ছিটমহল সমস্যার সমাধান করেছেন। এখন ছিটমহলবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন ভোট দেবে। তিনি মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছেন। শুধু তাই নয় চাঁদেও তিনি বুকিং দিয়েছেন। আজ ছোটমনিরা পড়ে ‘আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা’ আগামী দিনে ছোটমনিরা এটা আর পড়বে না। বরং এই ছোটমনিরাই চাঁদে যাবে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হালিম উকিলের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক বাক্কার প্রমুখ। এর আগে মতিয়া চৌধুরী উপজেলার মরিচপুরান ও কদমতলী বাজারে নির্বাচনী পথসভায় অংশ নেন। পরে রাতে তিনি উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় অংশ নেন।









