নকলা (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে পুনরায় নৌকার মাঝি হিসেবে মনোনীত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ৩ বারের সফল কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। তাঁর জয়ের লক্ষ্যে নৌকার পক্ষে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, শ্রমিক লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীগণ। তাদের সাথে প্রচার-প্রচারনায় আট-ঘাট বেধে মাঠে নেমেছেন আওয়ামী লীগের সমর্থকরাও। তাছাড়া নকলায় নৌকার পক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে প্রচার কাজে মাঠ চষে বেড়াচ্ছেন অন্তত: ৩ শতাধিক কমিটির সদস্যবৃন্দ।
বিভিন্ন তথ্যমতে, উপজেলা আওয়ামী লীগের উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ১০১টি কমিটি, যুবলীগের ১০টি, কৃষকলীগের ১০টি, জাতীয় শ্রমিক লীগ নকলা শাখার আওতায় ১০১টি, ছাত্রলীগ একটি, কেন্দ্র পরিচালনার ৬৭টি কমিটি ছাড়াও বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রী বহুমুখী কল্যাণ সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন, কাঠমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, রিক্সা-ভ্যান, ট্রাক-ট্যাংক-লড়ি শ্রমিক ইউনিয়ন, হোটেল রেস্তোরা শ্রমিক ইউনিয়ন, রংমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন, করাতকল শ্রমিক ইউনিয়ন, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যান সংস্থার মতো বিভিন্ন কৃষক সংগঠন ও সংস্থার সদস্যরা আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর নৌকাকে বিজয়ের লক্ষ্যে রাত-দিন ভোটারদের বাড়ি বাড়ি কাজ করছেন।
এ বিষয়ে ভূরদী কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার সভাপতি আলহাজ মোঃ ছাইদুল হক বলেন, নকলা-নালিতাবাড়ী সংসদীয় আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সফল কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে বিজয়ী বিজয়ী করার লক্ষ্যে আমরা দিন-রাত মাঠে কাজ করছি। তিনি বলেন, আমরা কৃষক হওয়ায় নিজের এলাকার বাইরে গিয়ে ভোট চাওয়ার সুযোগ পাই না। তাই নিজের এলাকাতে নিয়মিত প্রচার-প্রচারনাসহ ভোট প্রার্থনার কাজ করছি। তাঁর বিশ্বাস, চলমান বিজয়ের মাসে তথা আগামী ৩০ ডিসেম্বরে নকলা-নালিতাবাড়ীর জনগণ আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে মতিয়া চৌধুরীকে জয়ী করবেন ইনশাল্লাহ। সংস্থাটির সাধারন সম্পাদক হেলাল উদ্দিন জানান, বর্তমান সরকারের বাস্তবায়ন করা বা বাস্তবায়ন চলমান সর্ববৃহৎ অন্তত ৬০টি উন্নয়নমূলক কাজের তালিকাসহ নকলা-নালিতাবাড়ীতে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর করা উন্নয়ন কর্মকান্ডগুলো ছবিসহ লিফলেট তৈরী করে এলাকার নারী-পুরুষ ভোটারদের মাঝে বিতরণ করছেন। ওইসব উন্নয়ন জনগণের কাছে মৌখিকভাবে প্রকাশের পাশাপাশি ভোট প্রার্থনা করায় তারা ব্যস্ত সময় কাটাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও ভবিষ্যত পরিকল্পনা জনগনকে জানাতে ও নৌকার পক্ষে ভোট চাওয়ার জন্য ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তারা।









