স্টাফ রিপোর্টার ॥ জাতীয় নির্বাচনের ডামাডোলের মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় শেরপুরে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ (১৪ ডিসেম্বর শুক্রবার)। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত (নামাজের বিরতি বাদে) শহরের নিউমার্কেট নতুন ভবনে ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ৩ গ্রুপে একজন নারীসহ ৩১জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে ৩ জন, সাধারণ গ্রুপে ১২ পরিচালক পদে ২০ জন ও সহযোগী গ্রুপে ৫ পরিচালক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চেম্বার অব কমার্সের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট নারায়ণ চন্দ্র হোড় বৃহস্পতিবার সন্ধ্যায় শ্যামলবাংলা২৪ডটকমকে জানান, ইতোমধ্যে প্রার্থীদের প্রচারণা শেষ হওয়ার পাশাপাশি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে পর্যবেক্ষকদের পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তৎপর থাকবেন।
জানা যায়, এ নির্বাচনে ট্রেড গ্রুপে ২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রকাশ দত্ত, বর্তমান পরিচালক অজয় কুমার চক্রবর্তী জয় ও আব্দুল বাতেন। সাধারণ সদস্য গ্রুপে ১২ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, বর্তমান সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আরিফ হোসেন, বর্তমান পরিচালক মুসা মিয়া, বাহরাম বাদশা, বাবুল আহমেদ, মনির উদ্দিন আহমেদ ও লায়েছুর রহমান দারা, সাবেক পরিচালক বশিরুল ইসলাম শেলু, তৌহিদুর রহমান পাপ্পু ও নির্মল কুমার সাহা, গোপাল চন্দ্র সাহা, সাবিহা জামান শাপলা, শেখ শোভন, আরিফুল কবীর আপেল, এসএম আজিজুদ্দিন আহম্মেদ ইকরাম, রেজুয়ানুর রহমান বকুল, ওয়ালিদ বিন ফেরদৌস, মো. জাহাঙ্গীর, রফিকুল ইসলাম ও জাবেদ জাহান ইসলাম। এছাড়া সহযোগী সদস্য গ্রুপে ৫ পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান পরিচালক তাপস কুমার সাহা, কানু চন্দ্র চন্দ, রাজন সরকার রাজু ও খুরশীদ আলম মিঠু, চন্দন কুমার সাহা, রনক কুমার সিংহ রায়, অটলেশ মালাকার ও শুভ্র সাহা বাবন।
এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে আসাদুজ্জামান রৌশনের নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদের ব্যানারে একটি পূর্ণাঙ্গ প্যানেল থাকলেও বেশ কিছু প্রার্থী স্বতন্ত্র হয়ে নির্বাচন করছেন। ফলে ঘোষিত প্যানেলের বাইরে থেকেও কিছু স্বতন্ত্র প্রার্থী বেরিয়ে আসতে পারেন।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ৩টি গ্রুপে মোট ভোটার সংখ্যা ১৯৬০। এর মধ্যে ট্রেড গ্রুপে ২৩ জন, সাধারণ গ্রুপে ১২৮০ জন ও সহযোগী গ্রুপে ৬৬৭ জন। ১৪ ডিসেম্বর নির্বাচন শেষে চেম্বার ভবনে পরদিন দুপুরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি ও একজন জুনিয়র সহ-সভাপতি নির্বাচিত হবেন।









