শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে জয়িতা অন্বেষনে বাংলাদেশ শীর্ষক কার্যক্রমের আওতায় শেরপুরের শ্রীবরদী উপজেলায় সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত হয়েছেন নারী ও শিশু কল্যাণ সংস্থা নাশিকসের সভানেত্রী, বিশিষ্ট নারী উন্নয়ন সংগঠক মিনু আরা বেগম। ৯ ডিসেম্বর রবিবার শ্রীবরদী উপজেলা পরিষদ সভাকক্ষ সোমেশ্বরীতে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও শ্রীবরদী উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক অনুষ্ঠানে শ্রেষ্ঠ জয়িতা মিনু আরা বেগমের হাতে সম্মাননা ক্রেষ্ট, সনদ পত্র ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়াও ৪টি ক্যাটাগরীতে ৪ জন সফল নারীকে উপজেলার জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লিপি বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীবরদী পৌরসভার মেয়র মোঃ আবু সাঈদ। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহরার সভাপতিত্বে ওই সময় অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল সালেহ, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা, উপজেলা সমবায় কর্মকর্তা মহিবুবুর রহমান, শ্রীবরদী প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম বকুলসহ অনেকেই উপস্থিত ছিলেন।
জানা যায়, শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে নারীদের শিক্ষার আলোয় আলোকিত করতে মিনু আরা বেগম দীর্ঘদিন যাবত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এছাড়াও তিনি বাল্য বিয়ে প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টিসহ নারী উন্নয়নে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ জয়িতা মিনু আরা বেগম শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, প্রয়াত আইনজীবী আব্দুল্লাাহ আল মাহমুদ মনু মিয়ার স্ত্রী।
এদিকে ‘আওয়াজ তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মেয়ে শিশুর প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে শেরপুরের শ্রীবরদীতে মানব বন্ধন, স্বাক্ষর গ্রহণ অভিযান ও আলোচনা সভাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে। উপজেলা এপি ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে রবিবার শহরের ব্র্যাক রোডে মানব বন্ধন শেষে অনুষ্ঠিত হয় স্বাক্ষর গ্রহণ অভিযান ও আলোচনা সভা। এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার ফ্লোরা মাংসাং এর নেতৃত্বে এসব কর্মসূচীতে অংশ গ্রহণ করেন এপি ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার জনপল স্কু, প্রোগ্রাম অফিসার মারিও মুক্তি মন্ডল, প্রোগ্রাম অফিসার হারুনুর রশিদ, সিস্টেম সাপোর্ট অফিসার ক্রিস্টিনা মুক্তা সিকদার, চাইল্ড প্রোটেকশন অফিসার শিমুল জেংসামসহ স্থানীয় নারী ও শিশুরা।









